
ফাইল ছবি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ। দিনটি উপলক্ষে কোকোর স্মরণে কবর জিয়ারত, দোয়া ও মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি।
কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ৯টায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর নেতৃত্বে দলের নেতাকর্মীরা বনানী কবরস্থানে কোকোর কবর জিয়ারত করবেন। পরে সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে বিএনপির কেন্দ্রীয়, মহানগর এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেবেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। ওই কর্মসূচিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন। এ ছাড়া দুপুর ২টায় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা-১৭ আসনে দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুস সালাম বনানী কবরস্থানে কোকোর কবর জিয়ারত করবেন।
বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই। তিনি ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি ওল্ড ডিওএইচএস ক্লাবের চেয়ারম্যানও ছিলেন।
প্রসঙ্গত, ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে আরাফাত রহমান কোকো ইন্তেকাল করেন। তাঁর জন্ম ১৯৬৯ সালের ১২ আগস্ট। ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এলে ওই বছরের ৩ সেপ্টেম্বর ভোরে তিনি মা খালেদা জিয়ার সঙ্গে গ্রেপ্তার হন। পরবর্তীতে ২০০৮ সালের ১৮ জুলাই চিকিৎসার উদ্দেশ্যে সপরিবারে ব্যাংকক যান কোকো। পরে মালয়েশিয়ায় অবস্থানকালে তাঁর মৃত্যু হয়।