
শহীদ আবু সাঈদের বাড়িতে জামায়াত আমির
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদসহ সকল শহীদের আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জনগণ ও শহীদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে সঙ্গে নিয়ে ন্যায়বিচার, সমতা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি আদর্শ বাংলাদেশ গড়ে তুলতে চান তারা। এ লক্ষ্য অর্জনে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
তিনি শহীদ আবু সাঈদের আত্মত্যাগ, দেশপ্রেম ও সাহসিকতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তার রক্তের বিনিময়ে যে স্বপ্ন জন্ম নিয়েছে, তা বাস্তবে রূপ দিতে পিছপা হবে না জামায়াত।
আবু সাঈদের বাড়ির উঠানে তরুণ ভোটারদের উদ্দেশে জামায়াত আমির বলেন, তরুণদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি। সমাজ ও রাষ্ট্র পরিচালনার নেতৃত্ব তরুণদের হাতে তুলে দিয়ে, তাদের পাশে থেকে শক্তি ও সাহস জোগানোর প্রতিশ্রুতিও দেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, তরুণদের প্রস্তুত থাকতে হবে যেন তাদের ভোট প্রকৃত অর্থেই জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটায়। তিনি জোর দিয়ে বলেন, ভোটের ওপর কোনো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।
ডা. শফিকুর রহমান আরও বলেন, এই লক্ষ্য অর্জনে তরুণদের আবারও ‘জুলাই যোদ্ধা’ হিসেবে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। তার ভাষায়, তরুণদের এই অঙ্গীকারের পথচলা এখনো শেষ হয়নি, বরং এটি কেবল শুরু।
এ সময় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের মনোনীত প্রার্থী মাওলানা নুরুল আমিন, রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের প্রার্থী ও এনসিপির সদস্য-সচিব আখতার হোসেন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কবর জিয়ারত শেষে জামায়াত আমির গাইবান্ধার পলাশবাড়ীর একটি নির্বাচনী জনসভায় যোগ দিতে সড়কপথে রওনা হন। পরবর্তীতে বগুড়া শহর ও শেরপুর উপজেলায় আরও নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।