
ফেসবুকে বিভিন্ন সময় ইঙ্গিতপূর্ণ পোস্ট ও মন্তব্যের কারণে আলোচনায় থাকা অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন এবার সরাসরি অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে নিয়ে সামাজিকমাধ্যমে কড়া সমালোচনা করেছেন।
বিশেষ করে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের সমালোচক হিসেবে পরিচিত এই অভিনেত্রী আজ এমন একটি পোস্ট দিয়েছেন যা তার আগের সব মন্তব্যকে ছাপিয়ে গেছে। তার পোস্টে উপদেষ্টাকে ‘উপদুষ্টু’ বলে সম্বোধন করার পাশাপাশি একজন উপদেষ্টার স্ত্রীর পুরোনো শাড়ি নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করা হয়েছে।
সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার একটি পুরোনো ছবি ফেসবুকে শেয়ার করেন শাওন। ছবির ক্যাপশনে তিনি লেখেন যে, ছবিটি বেশ সুন্দর এবং এতে থাকা ‘লিটনের ফ্ল্যাটের রূপকার’ তথা ‘উপদুষ্টু পরিচালক সাহেবের’ স্ত্রীর শাড়িটিও নজরকাড়া।

শুধু তাই নয়, শাওন উপহাসের স্বরে দাবি জানান যে, এই ছবিটি যেন বড় করে বাঁধিয়ে উক্ত উপদুষ্টু মহোদয়ের তত্ত্বাবধানে নির্মাণাধীন ‘জুলাই স্মৃতি জাদুঘরে’ রাখা হয়। মূলত মোস্তফা সরয়ার ফারুকীর কালজয়ী সিনেমা ‘ব্যাচেলর’-এর আলোচিত স্থান ‘লিটনের ফ্ল্যাট’-এর প্রসঙ্গ টেনে নির্মাতা ফারুকীকে আক্রমণ করেন তিনি। এছাড়া সম্প্রতি ফারুকীর তত্ত্বাবধানে সাবেক গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘরে রূপান্তর করার কাজ চলায় শাওন সরাসরি সেই প্রকল্পটিকে বিদ্রূপের লক্ষ্যবস্তু বানান।
পোস্টটি প্রকাশের পর থেকেই ফেসবুক জুড়ে ব্যাপক আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। শাওনের অনুসারীরা তার এই বক্তব্যে সহমত প্রকাশ করলেও অনেকেই বিষয়টিকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে দেখছেন।
উল্লেখ্য যে, মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত সর্বশেষ সিনেমা ছিল ‘৮৪০: ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’। অন্যদিকে মেহের আফরোজ শাওনকে বর্তমানে অভিনয়ে আর দেখা না গেলেও সামাজিকমাধ্যমে তিনি বর্তমান সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও নীতিনির্ধারকদের ভূমিকা নিয়ে নিয়মিত সমালোচনা ও নিন্দামূলক পোস্ট দিয়ে যাচ্ছেন।