
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই আন্দোলনের কাঙ্ক্ষিত সুফল পেতে হলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার পাশাপাশি জামায়াতকে বিজয়ী করার কোনো বিকল্প নেই। তিনি দাবি করেন, দেশের মানুষকে মুক্তির পথ দেখাতে সক্ষম একমাত্র দলই জামায়াতে ইসলামী।
শনিবার বিকেলে সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা জামায়াতের আমির মো. শাহিনুর আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের লুণ্ঠিত অর্থ উদ্ধার, নারী-পুরুষের জন্য ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা, মা-বোনদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটাতে জামায়াত সক্ষম। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।
সিরাজগঞ্জের তাঁত ও গোখামারিদের দুরবস্থার কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, সুতা ও রং ন্যায্য দামে না পাওয়া এবং সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে জেলার বহু তাঁত বন্ধ হয়ে গেছে। একইভাবে ন্যায্য দাম না পেয়ে অনেক গোখামারি দুধের খামার বন্ধ করতে বাধ্য হয়েছেন। তিনি আশ্বাস দেন, জামায়াত ক্ষমতায় গেলে তাঁতিদের দুর্দশা দূর হবে এবং গোখামারিরা দুধের ন্যায্য মূল্য পাবেন।
তিনি আরও বলেন, সিরাজগঞ্জে তরল দুধ প্রক্রিয়াজাত করে গুঁড়া দুধ উৎপাদনের জন্য দুগ্ধ প্রসেসিং মিল স্থাপন করা হবে। এতে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি দেশের অন্যান্য অঞ্চল ও বিদেশে রপ্তানির সুযোগ তৈরি হবে।
নদীভাঙন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, অতীতে যমুনা নদী খননের নামে লুটপাট হয়েছে। জামায়াত ক্ষমতায় গেলে প্রকৃত খনন কার্যক্রম পরিচালনা করে খননকৃত বালু দিয়েই দুই তীরে স্থায়ী সুরক্ষা প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান।
সভা শেষে তিনি সিরাজগঞ্জের বিভিন্ন আসনে জামায়াত ও জোটপ্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং নিজ নিজ প্রতীকে ভোট দিয়ে তাঁদের বিজয়ী করার জন্য সিরাজগঞ্জবাসীর প্রতি আহ্বান জানান।