
ছবি: সংগৃহীত
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর চট্টগ্রামের মাটিতে পা রাখলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে বহনকারী বিমানটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র নেতারা তাকে স্বাগত জানান।
তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে বন্দরনগরী চট্টগ্রামে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তাপ ও উৎসবমুখর পরিবেশ। নগরীর প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড় ও অলিগলিতে ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে এলাকা। দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা যাচ্ছে বাড়তি আগ্রহ ও উদ্দীপনা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবেই চট্টগ্রাম সফরে এসেছেন বিএনপির চেয়ারম্যান। সফরের অংশ হিসেবে আগামীকাল রোববার নগরীর পলোগ্রাউন্ড মাঠে একটি বড় সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

রোববার অনুষ্ঠিতব্য ওই সমাবেশকে ঘিরে কয়েক দিন ধরেই পলোগ্রাউন্ড মাঠে চলছে ব্যাপক প্রস্তুতি। প্রায় ১০০ ফুট দৈর্ঘ্যের বিশাল মঞ্চ নির্মাণ করা হয়েছে। পাশাপাশি আধুনিক সাউন্ড সিস্টেম ও বিদ্যুৎসংযোগ স্থাপন, চেয়ার বসানো এবং জনসমাগম নিয়ন্ত্রণে প্রবেশ ও প্রস্থান পথ নির্ধারণের কাজ তদারকি করছেন সংশ্লিষ্টরা। জনসাধারণের সুবিধার্থে অস্থায়ী শৌচাগার ও পরিচ্ছন্নতা ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।
এদিকে মহাসমাবেশকে ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। জনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় সিএমপি অধ্যাদেশ, ১৯৭৮-এর ২৯ ধারার ক্ষমতাবলে ২৪ ও ২৫ জানুয়ারি মহানগর এলাকায় অস্ত্র, বিস্ফোরক দ্রব্য এবং ইট-পাথর বহন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
নগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রামে পৌঁছে ‘সবার আগে বাংলাদেশ’ লেখা গাড়িযোগে পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে যান। সেখানেই তিনি রাত্রিযাপন করবেন। রোববার সকাল ৯টায় মেধাবী শিক্ষার্থীদের সঙ্গে একটি সেমিনারে অংশ নেবেন তিনি। পরে সকাল সাড়ে ১১টায় নগরীর পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত সমাবেশে যোগ দেবেন তারেক রহমান।