
জুলাই সনদ বাস্তবায়িত হলে রাষ্ট্রক্ষমতার ওপর একক ব্যক্তির কর্তৃত্বের অবসান ঘটবে বলে মন্তব্য করেছেন অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে বারবার এক ব্যক্তির ইচ্ছার কাছে দেশকে সমর্পণ করা হয়েছে। সংবিধানের এই দুর্বলতা দূর করতেই জুলাই সনদ ও গণভোটের উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলী রীয়াজ জানান, অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনা করে জুলাই সনদ প্রণয়ন করেছে, যেখানে সংবিধানের গুরুত্বপূর্ণ কিছু সংস্কারের প্রস্তাব রয়েছে। এসব বাস্তবায়িত হলে ক্ষমতার কেন্দ্রীকরণ রোধ করা সম্ভব হবে।
রাষ্ট্রপতির ক্ষমা প্রদানের বিধান প্রসঙ্গে তিনি বলেন, বিদ্যমান সংবিধানে এ ক্ষমতার অপব্যবহার হয়েছে। তাই জুলাই সনদে প্রস্তাব করা হয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারের সম্মতি ছাড়া কাউকে ক্ষমা দেওয়া যাবে না। এ বিধান কার্যকর করতে গণভোটে জনগণের সম্মতি প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
নির্বাচন ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, অতীতে প্রধানমন্ত্রীর একক ইচ্ছায় নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, যার ফলে নির্বাচন ব্যবস্থায় গুরুতর অনিয়ম হয়েছে। ভবিষ্যতে ক্ষমতা কুক্ষিগত ঠেকাতে একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না—এ বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে বলেও জানান তিনি।