
ছবি: সংগৃহীত
দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় টিপু চৌধুরী (৫০) নামের এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল ৪টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এই ঘটনা ঘটে।
নিহত টিপু চৌধুরী চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর তছি সরকার বাড়ির মৃত আবু তাহেরের ছেলে। তিনি প্রায় ৩৫ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছিলেন এবং আফ্রিকায় তার তিন সন্তান রয়েছে। এছাড়া তিনি মিরসরাই অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টার দায়িত্বে ছিলেন।
মিরসরাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন জানান, জুমার নামাজ শেষে টিপু চৌধুরী তার নিজস্ব কমপ্লেক্সে গেলে সন্ত্রাসীরা আগে থেকে ওত পেতে ছিল। তারা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই ঘটনায় তার সঙ্গে থাকা অপর বাংলাদেশি বাদলও গুলিবিদ্ধ হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দক্ষিণ আফ্রিকায় টিপু চৌধুরীর হত্যাকাণ্ডটি কি ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে ঘটেছে, নাকি পারিবারিক বিবাদ জড়িয়ে রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। শাহাদাত হোসেন জানান, নিহতের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।
জানা গেছে, প্রায় ২০ বছর আগে টিপু চৌধুরীর আরেক ভাই সায়েম চৌধুরীকেও গুলি করে হত্যা করা হয়েছিল। নিহতের দক্ষিণ আফ্রিকায় কুমাতলাঙা এলাকায় প্রোপার্টি ব্যবসা রয়েছে।