
রুমিন ফারহানার গণসংযোগ | ছবি: সংগৃহীত
বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নেমে আক্ষেপ ও প্রত্যয়ের কথা জানালেন ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের এই প্রার্থী বলেছেন, আমার হাঁস আমারই চাষ করা ধান খাবে।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার শাহবাজপুরে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
ভোটকেন্দ্র পাহারা দেওয়ার জন্য নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে রুমিন ফারহানা বলেন, ১৫ বছর হাল চাষ করলাম, বীজ দিলাম, ধান লাগালাম। ফসল কাটার সময় যদি মরুভূমি আসে, কেমনটা লাগে? তাই বলছি—আমার একটা হাঁসও যেন শেয়াল চুরি না করে। গুণে গুণে হাঁস আপনারা খোঁয়াড়ে তুলবেন।
তিনি বলেন, এবারের নির্বাচনে হাঁস প্রতীক কোনো দলের বা বিশেষ গোষ্ঠীর নয়; এটি সাধারণ মানুষের প্রতীক। হাঁস মার্কা মানে উন্নয়নের মার্কা, গণতন্ত্রের মার্কা, সাহসের মার্কা ও সততার মার্কা। অন্যায়ের বিরুদ্ধে একা রুখে দাঁড়ানোর প্রতীক এটি।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনারা ভোটের দিন সকাল থেকে ভোটগণনা শেষ হওয়া পর্যন্ত কেন্দ্র পাহারায় থাকবেন। আপনারাই আমার ভোটের হেফাজতকারী।
সমর্থকদের প্রতি আশ্বাস দিয়ে রুমিন ফারহানা বলেন, আপনারা একটি দিন আমার জন্য কষ্ট করেন। আমি আগামী পাঁচ বছর এই দুই উপজেলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলব।