
‘টুয়েলভথ ফেল’ সিনেমায় অনবদ্য অভিনয় করে দর্শকপ্রশংসা ও জাতীয় পুরস্কার পাওয়া বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসি কয়েক মাস আগে অভিনয় থেকে বিরতির ঘোষণা দেন। কারণ স্পষ্ট না করলেও তিনি জানান, হাতে থাকা কাজ শেষ করেই বিরতিতে যাবেন।
এরই মধ্যে জানা গেছে, সেই তালিকায় ছিল একটি হলিউড সিনেমা। ‘হোয়াইট’ নামের থ্রিলারধর্মী এই ছবির মাধ্যমে হলিউডে পা রাখছেন বিক্রান্ত ম্যাসি। আরও চমকপ্রদ তথ্য হলো—এই সিনেমায় তাঁর সহশিল্পী হিসেবে থাকছেন হলিউডের সুপারস্টার অভিনেত্রী ও গায়িকা জেনিফার লোপেজ।
ভারতের একাধিক গণমাধ্যমের তথ্যমতে, ‘হোয়াইট’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের পাশাপাশি একটি গানও গাইবেন জেনিফার লোপেজ, যা ইংরেজি ও স্প্যানিশ ভাষায় রেকর্ড করা হবে। সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। এরই মধ্যে ছবির বেশিরভাগ শুটিং শেষ হয়েছে। ইংরেজি ও স্প্যানিশসহ মোট ২১টি ভাষায় ডাবিং করে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
সূত্র: ফিল্মফেয়ার