
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন ইশতিয়াক সাদেক। শনিবার বিসিবির পরিচালনা পর্ষদের সভায় তিনি পদত্যাগপত্র পাঠান। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বর্তমান বোর্ডে তিনি গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন, যদিও ওই সভায় তিনি উপস্থিত ছিলেন না।
পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে ইশতিয়াক সাদেক জানান, বোর্ডের সঙ্গে নিজেকে ঠিকভাবে মানিয়ে নিতে না পারা এবং গেম ডেভেলপমেন্ট বিভাগের জন্য প্রয়োজনীয় সময় ও মনোযোগ দিতে না পারার কারণেই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। পারিবারিক ও ব্যক্তিগত ব্যস্ততার কথাও উল্লেখ করে তিনি বলেন, এসব কারণে দায়িত্ব যথাযথভাবে পালন করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছিল না।
বোর্ডের সঙ্গে কোনো মতানৈক্য বা ভুল-বোঝাবুঝির কারণে পদত্যাগ করেছেন- এমন অভিযোগ নাকচ করে দিয়ে তিনি বলেন, এটি সম্পূর্ণ ভিত্তিহীন। পাশাপাশি তিনি তাঁর উত্তরসূরির প্রতি শুভ কামনা জানিয়ে আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বাংলাদেশের ক্রিকেটকে আরও এগিয়ে নিতে সক্ষম হবেন।