
চীনের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তির পথে হাঁটলে কানাডার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার এক কড়া বার্তায় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে সতর্ক করে তিনি বলেন, এ ধরনের সিদ্ধান্ত কানাডাকে বিপদের মুখে ফেলবে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লেখেন, চীন কানাডার ব্যবসা-বাণিজ্য, সামাজিক কাঠামো ও জীবনযাত্রাকে ধ্বংস করে দেবে। তিনি আরও জানান, কানাডা যদি চীনের সঙ্গে কোনো চুক্তি করে, তবে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী সব কানাডীয় পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

এদিকে ট্রাম্পের হুমকির পর সরাসরি নাম উল্লেখ না করলেও এক ভিডিও বার্তায় প্রতিক্রিয়া জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি দেশের অর্থনীতি রক্ষায় কানাডীয়দের দেশীয় পণ্য কেনার আহ্বান জানান এবং বলেন, বিদেশি হুমকির মুখে অর্থনীতি চ্যালেঞ্জের মধ্যে রয়েছে, তবে নিজেদের সেরা ক্রেতা হয়ে ওঠাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।