
বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায়ও শীর্ষস্থান দখল করেছে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ নগর ঢাকা। বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম স্থানে রয়েছে শহরটি। ২৮৩ স্কোর নিয়ে বিশ্বের ১২৬টি শহরের মধ্যে শীর্ষে থাকা ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) সকাল ৮টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।
সূচক অনুযায়ী, প্রথম স্থানে ঢাকার স্কোর হচ্ছে ২৮৩, যা ‘খুবই অস্বাস্থ্যকর’। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা— স্কোর ২১০। তৃতীয় অবস্থানে রয়েছে চীনের হ্যাংজু— স্কোর ১৮৬। চতুর্থ স্থানে রয়েছে মিশরের কায়রো— স্কোর ১৭৮। পঞ্চম অবস্থানে পাকিস্তানের লাহোর— স্কোর ১৭৬।
স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।