
সাংবাদিক মার্ক টালি
বিবিসির প্রখ্যাত সাংবাদিক ও একাত্তরে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু মার্ক টালি আর নেই। রোববার (২৫ জানুয়ারি) ভারতের রাজধানী দিল্লির একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়, মার্ক টালির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার সাবেক সহকর্মী সতীশ জ্যাকব। ব্রিটিশ-ভারতীয় এই সাংবাদিক দীর্ঘদিন বিবিসিতে কাজ করেছেন এবং দক্ষিণ এশিয়ার ঘটনাপ্রবাহ বিশ্ববাসীর কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মার্ক টালি ছিলেন বিবিসির দক্ষিণ এশিয়াবিষয়ক সংবাদদাতা। সে সময় বিবিসি রেডিওতে তার পরিবেশিত প্রতিবেদনের মাধ্যমে পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞ ও বাঙালির দুর্দশার চিত্র আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপকভাবে প্রকাশ পায়। মুক্তিযুদ্ধের সংবাদ জানার ক্ষেত্রে তার প্রতিবেদন ছিল অন্যতম প্রধান উৎস।
বিবিসি বাংলার তথ্যমতে, মার্ক টালির জন্ম ১৯৩৫ সালের ২৪ অক্টোবর কলকাতার টালিগঞ্জে। পেশাগত জীবনের বড় একটি সময় তিনি ভারতে কাটান এবং টানা ২০ বছর নয়াদিল্লিতে বিবিসির দক্ষিণ এশিয়া সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালের এপ্রিলে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানে এসে ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত সফর করে মাঠপর্যায়ে মুক্তিযুদ্ধের পরিস্থিতি প্রত্যক্ষ করেন।
একাত্তরে মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১২ সালে বাংলাদেশ সরকার তাকে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ প্রদান করে। বিবিসি থেকে অবসরে যাওয়ার পরও তিনি ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে সক্রিয় ছিলেন।