
ফাইল ছবি
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও পিছিয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) প্রতিবেদন জমা দিতে নতুন করে আগামী ২৯ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
রোববার (২৫ জানুয়ারি) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত থাকলেও সিআইডি নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম নতুন এই তারিখ নির্ধারণ করেন।
গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে ফেরার পথে দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে রাজধানীর পল্টন থানার বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে আহত হন শরিফ ওসমান বিন হাদি। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় মামলা করেন। শুরুতে মামলায় দণ্ডবিধির ১২০(বি), ৩২৬, ৩০৭, ১০৯ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়। পরে ২০ ডিসেম্বর আদালতের আদেশে মামলায় দণ্ডবিধির ৩০২ ধারা (হত্যা) যুক্ত করা হয়।
এর আগে মামলার তদন্ত শেষে ৬ জানুয়ারি গোয়েন্দা পুলিশ (ডিবি) ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে। তবে ওই চার্জশিটে অসন্তোষ প্রকাশ করে ১৫ জানুয়ারি বাদীপক্ষ আদালতে নারাজি আবেদন দাখিল করলে আদালত আবেদন গ্রহণ করে মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে দায়িত্ব দেয়।
ডিবির দাখিল করা চার্জশিটে অভিযুক্ত ১৭ জনের মধ্যে বর্তমানে ১১ জন কারাগারে রয়েছেন এবং ৬ জন পলাতক। পলাতক আসামিদের মধ্যে রয়েছেন প্রধান শুটার ফয়সাল করিম মাসুদসহ তার কয়েকজন সহযোগী। অপরদিকে, কারাগারে আটক আছেন প্রধান অভিযুক্তের বাবা-মা, স্ত্রী, বান্ধবী ও শ্যালকসহ কয়েকজন।
এদিকে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বারবার পিছিয়ে যাওয়ায় মামলার অগ্রগতি নিয়ে বাদীপক্ষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।