
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চতুর্থ দিনের মতো পঞ্চগড়-১ আসনে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। রোববার (২৫ জানুয়ারি) বেলা ১২টার দিকে পঞ্চগড়ের অমরখানা ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিনি ভোটারদের সঙ্গে গণসংযোগ ও উঠান বৈঠক করেন।
প্রচারণাকালে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলতে গিয়ে সারজিস আলম বলেন, আসন্ন নির্বাচনে তথাকথিত হেভিওয়েট প্রার্থীদের ধারণা আর টিকবে না। তার দাবি, বড় রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাদের ভরাডুবি হবে এবং মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দেবে।
তিনি বলেন, জনগণের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা স্পষ্ট। জুলুম, চাঁদাবাজি, দখলদারিত্ব, ক্ষমতার অপব্যবহার ও মামলা বাণিজ্যের বিরুদ্ধে ভোট দিতে প্রস্তুত ভোটাররা। নির্বাচনের দিন মানুষ তাদের প্রকৃত সিদ্ধান্তই ব্যালটের মাধ্যমে প্রকাশ করবে বলে মন্তব্য করেন তিনি।
সারজিস আলম অভিযোগ করেন, দীর্ঘদিন যারা দমন-পীড়ন চালিয়েছে, তারা এখন নিজেদের অবস্থান বদলানোর চেষ্টা করছে। তবে ভোটাররা এসব বিষয় ভালোভাবে বুঝে সঠিক সিদ্ধান্ত নেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও দাবি করেন, শুধু পঞ্চগড়-১ আসন নয়, সারা দেশেই ইনসাফ ও সাধারণ মানুষের পক্ষে ১০ দলীয় জোট বিজয়ী হয়ে সরকার গঠন করবে।
এ সময় বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, স্থানীয় পর্যায়ে ভোটারদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হুমকি ও ভয়ভীতি দেখিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করলে জনগণ তা প্রত্যাখ্যান করবে।
প্রচারণাকালে জোটের নেতাকর্মী ও স্থানীয় ভোটাররা উপস্থিত ছিলেন।