
ফাইল ছবি
শীতের আমেজ বজায় থাকলেও দেশের কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, আগামী কয়েক দিনে আবহাওয়ার বড় কোনো পরিবর্তন না হলেও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কিছুটা বাড়তে পারে।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়, আগামী বুধবার (২৮ জানুয়ারি) রংপুর বিভাগের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হতে পারে। তবে এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আগামী পাঁচ দিন আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী কয়েক দিন দেশের কোথাও কোথাও শেষরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে, যা শীতের অনুভূতি কিছুটা বাড়াতে পারে।
তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে বলা হয়, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এরপর মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে বুধবার ও বৃহস্পতিবার থেকে আবার রাতের তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে, যদিও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এ ছাড়া শুক্রবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও জানানো হয়েছে।
বর্ধিত পাঁচ দিনের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময়ের মধ্যে উল্লেখযোগ্য কোনো আবহাওয়াগত পরিবর্তনের সম্ভাবনা নেই।
বর্তমান আবহাওয়া পরিস্থিতি ব্যাখ্যা করে সংস্থাটি জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় দেশের আবহাওয়া শীতল ও অপেক্ষাকৃত শুষ্ক থাকছে।