
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠকে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।
বাংলাদেশকে টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার আইসিসির সিদ্ধান্ত ঘিরে পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আজ ইসলামাবাদে প্রধানমন্ত্রী মিয়া মোহাম্মদ শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।
বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নাকভি জানান, প্রধানমন্ত্রীকে আইসিসি–সংক্রান্ত সব বিষয় অবহিত করা হয়েছে এবং তিনি নির্দেশ দিয়েছেন, সব বিকল্প খোলা রেখেই বিষয়টি সমাধান করতে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শুক্রবার বা আগামী সোমবার নেওয়া হবে বলে জানান নাকভি।
পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বৈঠকে নাকভি আইসিসির ‘দ্বৈত মানদণ্ড’ তুলে ধরেন। তিনি বলেন, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানালে তাদের জন্য বিকল্প ভেন্যু দেওয়া হয়েছিল। অথচ নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ভারতে খেলতে না চাইলে তাদের বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেওয়া হয়।
এদিকে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালে বড় অঙ্কের আর্থিক ক্ষতির বিষয়টিও প্রধানমন্ত্রীকে স্মরণ করিয়ে দেন নাকভি। তবে তিনি উল্লেখ করেন, ভারতের বিপক্ষে ম্যাচ না খেললে সেটি ভারতের জন্য আরও বড় ক্ষতির কারণ হতে পারে। পাকিস্তানের গণমাধ্যমে আগে থেকেই আলোচনা চলছে- পুরো টুর্নামেন্ট বর্জন নয়, শুধু ভারতের বিপক্ষে ম্যাচ থেকে সরে দাঁড়ানোর পথও ভাবতে পারে পাকিস্তান।
আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হবে টি–টোয়েন্টি বিশ্বকাপ। ‘এ’ গ্রুপে পাকিস্তানের প্রতিপক্ষ ভারত, নামিবিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র।