
গত ১৭ বছরে দেশের মানুষের ওপর চালানো নিপীড়ন ও দমন–পীড়নের নতুন রূপ গত ১৬ মাসে দেখা গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, গণ-অভ্যুত্থানের আগের ১৭ বছরের অত্যাচারের ধারাবাহিকতাই নতুনভাবে সামনে এসেছে।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ফুলতল এলাকায় এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি। আসিফ মাহমুদ অভিযোগ করেন, গ্রাম থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। এসব থেকে মুক্তি পেতে ভোটের মাধ্যমে ‘ব্যালটে বিপ্লব’ ঘটানোর আহ্বান জানান তিনি।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ৩০০ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষণা করা হয়েছে। দলীয় প্রতীকের চেয়ে দেশের মুক্তি ও পরিবর্তনের প্রশ্নকে গুরুত্ব দিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। একটি ভোটেই বাংলাদেশ সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্বের পথে এগোবে বলেও দাবি করেন এনসিপির মুখপাত্র।
পথসভায় তিনি আরও বলেন, পরাজিত ও নতুনভাবে মাথাচাড়া দিতে চাওয়া ফ্যাসিবাদী শক্তিগুলো গণভোটে ‘না’ ভোট জিতিয়ে নেওয়ার চেষ্টা করছে। তবে ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে সেই প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়ার অঙ্গীকার করেন তিনি।
এ সময় চট্টগ্রাম-৮ আসনে এনসিপির প্রার্থী জোবাইরুল আরিফ এবং বান্দরবান আসনের প্রার্থী সুজা উদ্দিনকে পরিচয় করিয়ে দিয়ে ভোট প্রার্থনা করেন আসিফ মাহমুদ।