
গত বছরজুড়ে দাপটের সঙ্গে পর্দায় উপস্থিতি ছিল জয়া আহসানের। নতুন বছরেও সেই ধারাবাহিকতা যে বজায় থাকবে, তার স্পষ্ট ইঙ্গিত মিলেছে তাঁর অভিনীত কলকাতার নতুন সিনেমা ‘ওসিডি’র ট্রেলারে। আজ প্রকাশিত ১ মিনিট ৪৮ সেকেন্ডের ট্রেলারেই দর্শকদের নজর কাড়েন এই অভিনেত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেলারটি শেয়ার করে জয়া আহসান লেখেন, ‘পরিচ্ছন্নতার নেশা যখন হয়ে ওঠে নিখুঁত প্রতিশোধের নীলনকশা।’ এই লাইনেই সিনেমার মূল ভাবনা তুলে ধরা হয়েছে। পরিচালক সৌকর্য ঘোষালের এই ছবিতে অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডার (ওসিডি)–এর মতো মানসিক সমস্যাকে শৈশবের ট্রমা ও অপরাধপ্রবণতার সঙ্গে যুক্ত করা হয়েছে।
সিনেমায় জয়া আহসান অভিনয় করেছেন শ্বেতা নামের এক চিকিৎসকের চরিত্রে। বাহ্যিকভাবে সংযত ও পরিপাটি হলেও তাঁর জীবনের গভীরে লুকিয়ে রয়েছে এক অন্ধকার অতীত। শৈশবের ভয়ংকর অভিজ্ঞতা ও মানসিক টানাপোড়েন থেকে ধীরে ধীরে তৈরি হয় অপরাধ ও প্রতিশোধের জটিল মনস্তত্ত্ব। এক রোগীর হাতে শ্বেতার গোপন অতীত প্রকাশ পেলে কাহিনিতে আসে নাটকীয় মোড়।
সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার ‘ওসিডি’ মুক্তি পাচ্ছে আগামী ৬ ফেব্রুয়ারি। এ ছবির মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে ‘ভূতু’ খ্যাত আর্শিয়া মুখোপাধ্যায়ের। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কৌশিক সেন, অনসূয়া মজুমদার ও কনীনিকা বন্দ্যোপাধ্যায়।