
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশে নির্বাচনকালীন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে সরকার। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি দেওয়া হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে আয়োজন এবং ভোটগ্রহণে অংশগ্রহণ নিশ্চিত করতে এই ছুটির ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ১১ ও ১২ ফেব্রুয়ারি বুধ ও বৃহস্পতিবার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস-প্রতিষ্ঠান, সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের জন্য ছুটি থাকবে। এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। যেহেতু ভোটের দিন বৃহস্পতিবার, তাই এর পরের দুই দিন সাপ্তাহিক ছুটি থাকছে। ফলে নির্বাচন উপলক্ষে শিল্পাঞ্চলের শ্রমিক-কর্মচারীরা টানা পাঁচ দিন এবং অন্যান্য শ্রেণির কর্মকর্তা-কর্মচারীরা চার দিন ছুটির সুবিধা পাবেন।
সরকার জানিয়েছে, এই ছুটির উদ্দেশ্য হলো ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করা এবং নির্বাচন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা।