
ইরানের বিরুদ্ধে কোনো সামরিক হামলায় নিজেদের ভূখণ্ড, আকাশসীমা বা জলসীমা ব্যবহার করতে দেবে না বলে ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। সোমবার (২৬ জানুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ইরানের বিরুদ্ধে কোনো শত্রুতামূলক সামরিক কার্যক্রমে ইউএই কোনো ধরনের সহায়তা দেবে না, এমনকি লজিস্টিক সহায়তাও নয়। বর্তমান সংকট মোকাবিলায় সংলাপ, উত্তেজনা প্রশমন, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষাই সর্বোত্তম পথ বলে উল্লেখ করেছে দেশটি।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরের শেষ দিকে ইরানে অর্থনৈতিক অসন্তোষ থেকে বিক্ষোভ শুরু হয়, যা চলতি বছরের ৮ জানুয়ারি ব্যাপক আকার ধারণ করে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি জানিয়েছে, সাম্প্রতিক বিক্ষোভে ইরানে অন্তত ৬ হাজার মানুষের প্রাণহানি হয়েছে।
এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা ঘিরে উদ্বেগ বাড়লেও ইউএই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তারা কোনো হামলায় জড়াবে না।