
ফাইল ছবি
দেশের বাজারে ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে সোনার দাম।
আজ সোমবার (২৬ জানুয়ারি) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ার এ তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। আগামীকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দুই লাখ ৫০ হাজার ৪৮৪ টাকা; ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ৭৬ হাজার ৫৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে দাম বেড়ে সোনার সঙ্গে ফের রেকর্ড করল রুপাও। ২২ ক্যারেটের রুপার ভরি সাত হাজার ৭৫৭ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি সাত হাজার ৪০৭ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ভরি ছয় হাজার ৩৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম চার হাজার ৭৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
বাংলা টেলিগ্রাফ উদ্যোগের গল্প