
ফাইল ছবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন। গত বছর হওয়া বাণিজ্য চুক্তির শর্ত মানতে সিউল ব্যর্থ হয়েছে- এমন অভিযোগ তুলে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল–এ দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। পোস্টে ট্রাম্প জানান, নতুন শুল্কের আওতায় থাকবে গাড়ি, কাঠ, ওষুধসহ বিভিন্ন পণ্য এবং সব ধরনের পারস্পরিক শুল্ক। তিনি অভিযোগ করেছেন, দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতারা চুক্তি অনুমোদনে ধীরগতি দেখাচ্ছেন, অথচ যুক্তরাষ্ট্র চুক্তি অনুযায়ী দ্রুত শুল্ক কমানোর পদক্ষেপ নিয়েছে।
দক্ষিণ কোরিয়া জানিয়েছে, তারা এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো নোটিশ পায়নি এবং বিষয়টি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে জরুরি আলোচনায় বসতে চায়। দক্ষিণ কোরিয়ার শিল্পমন্ত্রী কিম জং-কোয়ান দ্রুত ওয়াশিংটন সফর করবেন এবং মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিকের সঙ্গে বৈঠক করবেন।
এ ঘোষণার পর মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে দক্ষিণ কোরিয়ার কয়েকটি রপ্তানিকারক প্রতিষ্ঠানের শেয়ারে পতন দেখা যায়। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাইয়ের শেয়ার প্রায় ২ দশমিক ৫ শতাংশ কমে যায়। ওষুধ ও কাঠ সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারও নিম্নমুখী দেখা গেছে।
গত বছরের অক্টোবরে দুই দেশের মধ্যে চুক্তি হয়, যেখানে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে ৩৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দেয়। চুক্তি অনুযায়ী, দক্ষিণ কোরিয়া অনুমোদন শুরু করলে যুক্তরাষ্ট্র কিছু পণ্যের ওপর শুল্ক কমাবে। বর্তমানে চুক্তিটি দক্ষিণ কোরিয়ার জাতীয় পরিষদে পর্যালোচনাধীন।
হোয়াইট হাউজে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ট্রাম্প প্রায়ই শুল্ককে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। এর আগে তিনি কানাডা ও গ্রিনল্যান্ডসহ বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন, যা আন্তর্জাতিক সম্পর্কের উত্তেজনা সৃষ্টি করেছে।