
সংগৃহীত ছবি
দুবাইয়ে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে ইতালি। জয়ের নায়ক অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত অলরাউন্ডার গ্র্যান্ট স্টুয়ার্ট, যিনি শেষ ওভারের প্রথম তিন বলে টানা তিন ছক্কা মেরে দলকে প্রয়োজনীয় ১৬ রান এনে দেন।
সোমবার (২৬ জানুয়ারি) অনুষ্টিত ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ১৫৪ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। জবাবে ইতালি লক্ষ্য পূরণ করে মাত্র তিন বল হাতে রেখে। শেষ চার ওভারে প্রয়োজন ছিল ৪৬ রান, শেষ দুই ওভারে ৩০। একপর্যায়ে সমীকরণ দাঁড়ায় ৭ বলে ২০ রান। এই কঠিন পরিস্থিতিতে গ্র্যান্ট স্টুয়ার্ট টানা তিন ছক্কা হাঁকিয়ে দলকে জয় নিশ্চিত করেন।
সাত নম্বরে নেমে স্টুয়ার্ট ১৯ বলে ৪ ছক্কা ও ১ চারে অপরাজিত ৩৩ রান করেন। তার অবদান ইতালিকে ইতিহাস গড়ার সুযোগ এনে দিয়েছে। এই সিরিজটি ইতালির জন্য বিশেষ, কারণ এটি আইসিসির পূর্ণ সদস্য কোনো দলের বিপক্ষে তাদের প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ। প্রথম দুই ম্যাচে হারের পরও তারা শেষ ম্যাচের নাটকীয় জয়ের মাধ্যমে সিরিজে প্রতিদ্বন্দ্বী দলের প্রতি নিজেদের দক্ষতা প্রমাণ করলো।
সিরিজটি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে খেলা হয়েছে। ইতালি বাছাইপর্ব পেরিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে। তারা আগামী ৯ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে। গ্রুপ ‘সি’-তে ইতালির অন্যান্য প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও নেপাল।
ইতালির এই জয় ইউরোপের উঠতি ক্রিকেট শক্তির হিসেবে তাদের সম্ভাবনাকে আরও দৃঢ় করেছে। বিশেষ করে শেষ মুহূর্তের নাটকীয়তা ও স্টুয়ার্টের ব্যাটিং পারফরম্যান্স ক্রিকেটপ্রেমীদের মনে দীর্ঘসময় স্মরণীয় হয়ে থাকবে।