
লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত রাজনৈতিক থ্রিলার ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ এবারের ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস (বাফটা)–এ সর্বোচ্চ ১৪টি মনোনয়ন পেয়ে শীর্ষে রয়েছে। ছবিটিতে অভিনয়ের জন্য চেজ ইনফিনিটি, লিওনার্দো ডিক্যাপ্রিও ও টেয়ানা টেলর মনোনয়ন পেয়েছেন।
ভ্যাম্পায়ার–হরর ‘সিনার্স’ পেয়েছে ১৩টি মনোনয়ন। ‘হ্যামনেট’ এবং টেবিল টেনিস বায়োপিক ‘মার্টি সুপ্রিম’—দুটিই পেয়েছে ১১টি করে মনোনয়ন।
মূল চরিত্রে অস্কারের সম্ভাব্য ফ্রন্টরানার হিসেবে বিবেচিত টিমোথি শ্যালামে ও জেসি বাকলি বাফটাতেও তাদের মনোনয়ন ধরে রেখেছেন। অস্কারে মনোনয়ন না পেলেও বাফটায় স্বীকৃতি পেয়েছেন চেজ ইনফিনিটি ও পল মেস্কাল।
বাফটায় অনেক বিভাগে ছয়টি করে মনোনয়ন থাকায় (অস্কারে যেখানে পাঁচটি), কিছু ক্ষেত্রে এই পার্থক্য দেখা গেছে। পাশাপাশি যুক্তরাজ্যের প্রতিভা স্বীকৃতির জন্য বাফটায় রয়েছে আলাদা বিভাগ—আউটস্ট্যান্ডিং ব্রিটিশ ফিল্ম এবং ব্রিটিশ লেখক, পরিচালক বা প্রযোজকের সেরা অভিষেক।
বাফটার শর্টলিস্টে জায়গা পেয়েছে আই সুইয়ার, পিলিয়ন, এইচ ইজ ফর হক ও দ্য ব্যালাড অব ওয়ালিস আইল্যান্ড–সহ একাধিক ব্রিটিশ ছবি।
বাফটা’র চেয়ার সারা পুট বলেন, ‘বিশ্বজুড়ে আলোড়ন তোলা ব্লকবাস্টারগুলোর পাশে ব্রিটিশ ইন্ডি ছবি ও নতুনদের কাজ দেখে আমরা রোমাঞ্চিত। আমাদের ৮,৩০০ বাফটা ভোটারদের মতো দর্শকরাও এই ছবিগুলো উপভোগ করবেন বলে আশা করি।’
তবে কোনো ছবিই বাফটার সর্বোচ্চ ১৬ মনোনয়নের রেকর্ড (১৯৮২ সালের ‘গান্ধী’) ছুঁতে পারেনি।
আসছে ২২ ফেব্রুয়ারি, লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডসের অনুষ্ঠান সঞ্চালনা করবেন অভিনেতা ও টিভি উপস্থাপক অ্যালান কামিং।
অস্কারে মনোনীত হলেও বাফটায় জায়গা হয়নি এমন চার অভিনেতা হলেন—এমি ম্যাডিগান (উইপনস), ডেলরয় লিন্ডো (সিনার্স), ওয়াগনার মওরা (দ্য সিক্রেট এজেন্ট) এবং এল ফ্যানিং (সেন্টিমেন্টাল ভ্যালু)। শেষের দুজন বাফটার লংলিস্টেও ছিলেন না।
অন্যদিকে, অস্কারে বাদ পড়লেও বাফটায় মনোনয়ন পেয়েছেন জেসি প্লেমনস (বুগোনিয়া) ও ওডেসা এ’জায়ন (মার্টি সুপ্রিম)।
এবারের বাফটার অভিনয় বিভাগে ব্রিটিশ শিল্পীদের উপস্থিতিও বেশি—যেমন রবার্ট আরামায়ো ও পিটার মুলান (আই সুইয়ার), কেরি মুলিগান (দ্য ব্যালাড অব ওয়ালিস আইল্যান্ড), এমিলি ওয়াটসন (হ্যামনেট)। সিনার্স–এর উনমি মোসাকু অস্কারের মতো বাফটাতেও মনোনয়ন পুনরাবৃত্তি করেছেন।
অস্কারে একেবারে বাদ পড়া ‘উইকেড: ফর গুড’ বাফটায় কস্টিউম ডিজাইন এবং মেক-আপ ও হেয়ার বিভাগে মনোনয়ন পেয়েছে।
ব্রাজিলিয়ান থ্রিলার ‘দ্য সিক্রেট এজেন্ট’ বাফটায় পেয়েছে দুটি মনোনয়ন, যা অস্কারে পাওয়া সংখ্যার অর্ধেক। সেখানে ছবিটি সেরা অভিনেতা ও সেরা ছবিসহ বড় বিভাগে জায়গা করেছিল।
অন্যান্য মনোনীত ছবির মধ্যে রয়েছে ‘ফ্রাঙ্কেনস্টাইন’ও ‘সেন্টিমেন্টাল ভ্যালু’।
পরিচালক বিভাগে অস্কারে মনোনয়ন পাওয়া পাঁচ পরিচালক বাফটাতেও মনোনীত হয়েছেন। অতিরিক্ত একটি আসনে মনোনয়ন পেয়েছেন ইয়র্গোস ল্যানথিমোস (বুগোনিয়া)।
ব্র্যাড পিট–এর রেসিং ড্রামা ‘এফ১’ কারিগরি বিভাগে তিনটি বাফটা মনোনয়ন পেলেও অস্কারের সেরা ছবি বিভাগে পাওয়া চমকটি এখানে পুনরাবৃত্তি করতে পারেনি।
সবচেয়ে আলোচিত বাদ পড়াদের একটি হলো নেটফ্লিক্সের ভাইরাল হিট ‘কে-পপ ডেমন হান্টার্স’। যুক্তরাজ্যে প্রেক্ষাগৃহে আগে মুক্তি না পাওয়ায় ছবিটি বাফটার লংলিস্টে অযোগ্য বিবেচিত হয়।
বাংলা টেলিগ্রাফ উদ্যোগের গল্প