
ফাইল ছবি
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগের কথা সরকারকে জানানো হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। একই সঙ্গে ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের বাংলাদেশ থেকে প্রত্যাহারের মধ্য দিয়ে কোনো বিশেষ বার্তা দেওয়া হচ্ছে কি না, তা স্পষ্ট নয় বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার বিকেলে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে এমন কোনো পরিস্থিতি নেই যাতে কূটনীতিক বা তাঁদের পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এখন পর্যন্ত এ ধরনের কোনো ঘটনাও ঘটেনি। তিনি বলেন, এটি ভারতের নিজস্ব সিদ্ধান্ত হতে পারে; কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো কারণ তিনি খুঁজে পাননি।
নিরাপত্তা পরিস্থিতি প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, সার্বিকভাবে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কোনো বিঘ্ন ঘটেনি। অতীতের নির্বাচনকালীন সময়ের তুলনায় বর্তমানে সংঘর্ষের মাত্রা বেশি বলেও তাঁর মনে হয় না।
ঢাকায় ভারতীয় দূতাবাস আগাম কোনো নিরাপত্তা উদ্বেগ জানিয়েছিল কি না- এ প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতীয় পক্ষ থেকে এ ধরনের কোনো উদ্বেগের কথা সরকারকে জানানো হয়নি।
বাংলা টেলিগ্রাফ ভিজ্যুয়াল