
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের রাউজান উপজেলায় গভীর নলকূপের জন্য খনন করা একটি গর্তে পড়ে গেছে মিসবাহ নামে তিন বছরের এক শিশু। শিশুটিকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে শিশুটি জীবিত আছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেল আনুমানিক ৫টার দিকে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে এই ঘটনা ঘটে।
ঘটনাস্থলে উপস্থিত চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল মান্নান জানান, খেলতে গিয়ে শিশুটি প্রায় ২৫ থেকে ৩০ ফুট গভীর একটি নলকূপের গর্তে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
তিনি আরও জানান, শিশুটি জীবিত আছে কি না তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে গর্তের ভেতরে বাতাস প্রবাহের জন্য ভেন্টিলেশনের ব্যবস্থা করা হয়েছে। উপজেলা প্রশাসনের সহায়তায় একটি ভেকু আনা হচ্ছে, যাতে গর্তের চারপাশের মাটি খনন করে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করা যায়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটি কীভাবে নলকূপের গর্তে পড়ে গেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এর আগে গত ডিসেম্বরে রাজশাহীর তানোরে পরিত্যক্ত নলকূপের গভীর গর্তে পড়ে নিখোঁজ হয়েছিল ২ বছরের শিশু সাজিদ। পরে প্রায় ৩২ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।