
ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া এবার অভিনয়ের বাইরে ব্যবসায়িক উদ্যোগে পা রাখলেন। তিনি নিজেই শুরু করেছেন নতুন ফাইন জুয়েলারি ব্র্যান্ড ‘তামান্না ফাইন জুয়েলারি’। এ ব্র্যান্ডের ফাউন্ডার ও ক্রিয়েটিভ লিড হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।
তামান্না জানান, ‘উৎসবের বাইরে’—এই ধারণাকে সামনে রেখেই ব্র্যান্ডটির যাত্রা শুরু। তাঁর ভাষায়, জুয়েলারি বা অলংকারের প্রতি তাঁর বরাবরই আলাদা ভালোবাসা ছিল। তবে অলংকারকে সবসময় বিশেষ কোনো উপলক্ষের সঙ্গে যুক্ত করার প্রবণতা তাঁকে ভাবিয়েছে। সেই ভাবনা থেকেই এমন একটি জুয়েলারি ব্র্যান্ড গড়ে তোলেন, যা দৈনন্দিন ব্যবহারের উপযোগী।
এই ব্র্যান্ডে ১৪ ও ১৮ ক্যারেট স্বর্ণ, প্রাকৃতিক হীরা ও বিভিন্ন রত্নপাথর দিয়ে তৈরি আকর্ষণীয় ক্যাজুয়াল জুয়েলারি পাওয়া যাবে বলে জানান অভিনেত্রী। তামান্নার মতে, জুয়েলারি শুধু সাজের অংশ নয়, বরং তা মানুষের ব্যক্তিত্বের প্রতিফলন এবং মনের ভাব প্রকাশের মাধ্যম।
কোনো বিশেষ উপলক্ষ ছাড়াই প্রতিদিনের স্টাইলের জন্য জুয়েলারি প্রেমীদের কথা মাথায় রেখে তামান্না ভাটিয়া ও তাঁর বাবা সন্তোশ ভাটিয়ার যৌথ উদ্যোগে এই ব্র্যান্ড চালু করা হয়েছে। ডিজাইন, প্রোডাকশন ও রিটেইল—সবকিছুই তাঁরা নিজেরাই তত্ত্বাবধান করছেন।