
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটে প্রার্থী অন্তর্ভুক্তির সময়সীমা আগামী ৮ ফেব্রুয়ারি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই সময়ের পর কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল বা পুনর্বহাল হলে তিনি প্রবাসীদের পোস্টাল ব্যালটের ভোট পাবেন না।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, আদালত যদি ৮ ফেব্রুয়ারি পর্যন্ত কোনো প্রার্থীর প্রার্থিতা পুনর্বহাল বা বাতিল করেন, তাহলে তাকে পোস্টাল ব্যালটে অন্তর্ভুক্ত করা হবে। তবে এই সময়সীমার পর কোনো পরিবর্তন হলে সে ক্ষেত্রে পোস্টাল ব্যালট কার্যকর করা সম্ভব হবে না।
ইসি সচিব জানান, পোস্টাল ব্যালট ছাপানো, তা প্রবাসী ভোটারদের কাছে পাঠানো এবং ভোট গ্রহণ শেষে রিটার্নিং কর্মকর্তার কাছে ফেরত পাওয়ার জন্য যে সময় প্রয়োজন, ৮ ফেব্রুয়ারির পর সেই সময় আর পাওয়া যাবে না। এ কারণেই সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
প্রবাসীদের ভোটের পরিসংখ্যান তুলে ধরে প্রকল্প পরিচালক ড. সালীম আহমাদ খান জানান, ‘বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট প্রবাসে পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখের বেশি ভোটার ব্যালট গ্রহণ করেছেন এবং প্রায় ৪ লাখ ভোটার ভোট দিয়ে পোস্ট অফিসে জমা দিয়েছেন। ইতিমধ্যে ৫৫ হাজার ৩৮১টি ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে।
নির্বাচনী প্রচারে ব্যানার ব্যবহারের বিষয়ে ইসি সচিব বলেন, ব্যানারের নির্ধারিত মাপ ১০ ফুট বাই ৪ ফুট। সাদাকালো ব্যানার ব্যবহারের নির্দেশনা রয়েছে, তবে ডিজিটাল ডিসপ্লে বোর্ডে রঙিন প্রদর্শনের সুযোগ আছে। কেউ রঙিন ব্যানার বা পিভিসি ব্যবহার করলে তা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা এ বিষয়ে ব্যবস্থা নেবেন।