
আইসিসি চেয়ারম্যান জয় শাহ ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিক
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে টুর্নামেন্টে পাকিস্তানের অংশগ্রহণ এখনও চূড়ান্ত নয়। বাংলাদেশকে সমর্থন জানিয়ে পুরো বিশ্বকাপ বয়কট করতে পারে পিসিবি—এমন গুঞ্জন ঘুরে বেড়াচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিএনএনের দাবি, আইসিসির চেয়ারম্যান জয় শাহ অন্তত আটবার পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিকে ফোন করেছেন। তবে এসব ফোনকলের একটিরও জবাব দেননি নাকভি। বিষয়টি নিয়ে ক্রিকেট মহলে নানা আলোচনা চলছে।
সংবাদমাধ্যমটি আরও জানায়, সম্প্রতি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠকের পর পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, বিশ্বকাপ ও বাংলাদেশ–সংক্রান্ত বিষয়ে পাকিস্তানের চূড়ান্ত সিদ্ধান্ত ৩০ জানুয়ারি অথবা ২ ফেব্রুয়ারির মধ্যে জানানো হবে। জিএনএনের দাবি অনুযায়ী, শুক্রবারই (৩০ জানুয়ারি) সেই সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে, যা আসতে পারে সরাসরি প্রধানমন্ত্রীর কণ্ঠে। এতে স্পষ্ট হচ্ছে, বিষয়টি এখন আর কেবল ক্রিকেট প্রশাসনের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি গুরুত্ব পাচ্ছে সর্বোচ্চ রাজনৈতিক পর্যায়েও।
এদিকে বাংলাদেশকে সংহতি জানিয়ে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির বাংলাদেশ সফরের সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। উল্লেখ্য, মহসিন নাকভি পিসিবির চেয়ারম্যানের পাশাপাশি পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্বও পালন করছেন।