
বলিউডে নারী অভিনেত্রীদের জন্য যেন একটি ‘এক্সপায়ারি ডেট’ বেঁধে দেওয়া আছে- এমন মন্তব্য করেছেন ‘বর্ডার ২’ অভিনেত্রী মোনা সিং। তিনি বলেন, “পুরুষ অভিনেতারা ষাটের কোঠায় এসেও রোমান্টিক নায়ক হতে পারেন, কিন্তু নারীদের ক্ষেত্রে তা সম্ভব নয়।” বলিউডের এই বৈষম্যমূলক বাস্তবতাকে দুঃখজনক বলেও উল্লেখ করেন তিনি।
সম্প্রতি পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে মোনা সিং জানান, পর্দায় নিজের বয়স নিয়ে তিনি কখনোই চিন্তিত নন। তাঁর ভাষায়, “আমি আমার অনস্ক্রিন বয়স নিয়ে কখনো ভাবিনি। আমি আত্মবিশ্বাসী এবং জানি আমি কে। প্রমাণ করার কিছু নেই বলেই ঝুঁকি নিতে পারি। অনেকেই আমাকে প্রশ্ন করে- পর্দায় এত বয়সী চরিত্র কেন করি? আমার কাছে চরিত্রটাই মুখ্য, সেটাই আমাকে উত্তেজিত করে।”
তিনি আরও বলেন, “এই ইন্ডাস্ট্রিতেই কেবল নারীদের সঙ্গে এক ধরনের এক্সপায়ারি ডেট জুড়ে দেওয়া হয়, যা খুবই দুঃখজনক। অথচ পুরুষরা ষাট বছর বয়সেও রোমান্টিক চরিত্রে অভিনয় করতে পারেন। কিন্তু আমি কখনোই সেই চাপকে গুরুত্ব দিইনি।”
বর্তমানে ক্যারিয়ারের দারুণ সময় পার করছেন মোনা সিং। নেটফ্লিক্সের ‘কালা পানি’, ‘দ্য ব্যা***ডস অফ বলিউড’ এবং প্রাইম ভিডিওর ‘মেড ইন হেভেন ২’-এ প্রশংসিত অভিনয়ের পাশাপাশি তিনি ‘মুঞ্জ্যা’, ‘হ্যাপি প্যাটেল’ ও সদ্য মুক্তিপ্রাপ্ত ‘বর্ডার ২’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
সাম্প্রতিক যুদ্ধভিত্তিক সিনেমা ‘বর্ডার ২’-এ মোনা সিং অভিনয় করেছেন সানি দেওলের স্ত্রীর ভূমিকায়। ছবিটিতে আরও অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ, আহান শেঠি, মেধা রানা, সোনাম বাজওয়া ও আনিয়া সিং। জে পি দত্ত পরিচালিত ১৯৯৭ সালের কাল্ট ক্লাসিক ‘বর্ডার’-এর আধ্যাত্মিক সিক্যুয়েল এই সিনেমাটি ২৩ জানুয়ারি মুক্তি পায় এবং রিপাবলিক ডে উপলক্ষে দীর্ঘ ছুটির সপ্তাহান্তে বক্স অফিসে প্রায় ১৯৩.৪৮ কোটি রুপি আয় করেছে।
এদিকে ‘বর্ডার ২’-এর পর নেটফ্লিক্সের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘কোহরা’-এর দ্বিতীয় সিজনে দেখা যাবে মোনা সিংকে। সেখানে তিনি পুলিশ কর্মকর্তা ধানবন্ত কৌরের চরিত্রে অভিনয় করবেন। প্রথম সিজনের মতো এবারও অমরপাল গারুন্ডির চরিত্রে ফিরছেন বরুণ সোবতি। ‘কোহরা’ সিজন ২ আগামী ১১ ফেব্রুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পাবে।