
ফাইল ছবি
৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আজ শুক্রবার (৩০ জানুয়ারি) দেশজুড়ে অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুই ঘণ্টাব্যাপী এই এমসিকিউ পরীক্ষায় অংশ নিচ্ছেন ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, এই পরীক্ষার মধ্য দিয়ে শুরু হলো “১ বিসিএস, ১ বছর”-এর যাত্রা। এটি দেশের স্বাধীনতার ৫৪ বছরের ইতিহাসে প্রথম এবং একটি বড় মাইলফলক।
পরীক্ষার হল, আসন বিন্যাস ও অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd)-এ প্রকাশ করা হয়েছে।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
এর আগে গত ২৬ নভেম্বর পিএসসির ওয়েবসাইটে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদন গ্রহণ শুরু হয় ৪ ডিসেম্বর এবং শেষ হয় ৩১ ডিসেম্বর।
পিএসসির সম্ভাব্য রোডম্যাপ অনুযায়ী, প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে ১০ ফেব্রুয়ারি। লিখিত পরীক্ষা শুরু হবে ৯ এপ্রিল, ফল প্রকাশ ৩০ জুলাই। মৌখিক পরীক্ষা শুরু হবে ১০ আগস্ট এবং চূড়ান্ত ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ২৫ নভেম্বর।
এদিকে, পরীক্ষা স্থগিতের দাবিতে রিট আবেদন করা হলেও গতকাল বৃহস্পতিবার তা খারিজ করে দিয়েছেন আদালত।