
সংগৃহীত ছবি
নতুন বছরের শুরুতেই ক্যারিয়ারে আরও একটি উল্লেখযোগ্য সাফল্য যোগ করলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কলকাতার বেসরকারি টেলিভিশন চ্যানেল জি২৪ ঘণ্টা আয়োজিত ‘বিনোদনের সেরা ২৪’ অ্যাওয়ার্ডে সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন তিনি। সুমন মুখার্জি পরিচালিত চলচ্চিত্র ‘পুতুলনাচের ইতিকথা’-তে অনবদ্য অভিনয়ের জন্য এ সম্মাননা পান জয়া।
পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে নিজের ফেসবুক পোস্টে জয়া আহসান লেখেন, ‘“পুতুলনাচের ইতিকথা” সিনেমার জন্য বছরের প্রথম পুরস্কার পেয়ে সম্মানিত বোধ করছি। জি২৪ ঘণ্টা আয়োজিত বিনোদনের সেরা ২৪ আয়োজনে সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রী হিসেবে এই স্বীকৃতি পাওয়া সত্যিই আনন্দের। কৃতজ্ঞ ও অভিভূত।’ তার এই অর্জনে বাংলাদেশ ও ভারতের অভিনয়শিল্পী, নির্মাতা ও অসংখ্য ভক্ত শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ প্রথম প্রকাশিত হয় ১৯৩৪–৩৫ সালে ‘ভারতবর্ষ’ সাময়িকীতে ধারাবাহিকভাবে। প্রকাশের প্রায় ৯০ বছর পর সেই উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। গত বছরের আগস্টে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি।
চলচ্চিত্রে কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। তার বিপরীতে অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায়—যারা যথাক্রমে শশী, কুমুদ, যাদব ও সেনদিদি চরিত্রে দেখা গেছেন।
কুসুম চরিত্রটি নিয়ে আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া বলেছিলেন, ‘বরাবর নারীকেই কামনা ও বাসনার বস্তু হিসেবে তুলে ধরা হয়েছে। কিন্তু কুসুমের নিজের কামনা-বাসনা আছে, যা সে লুকোয় না। কুসুম একটা খোলা বইয়ের মতো—মন, শরীর ও আত্মা সব এক। এখানেই শশীর সঙ্গে তার পার্থক্য। কুসুম শশীর চরিত্রকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে।’
জয়া আহসানের এই পুরস্কার আবারও প্রমাণ করল যে, শক্তিশালী চিত্রনাট্য ও অভিনয়গুণে তিনি সীমান্ত ছাড়িয়ে দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন।