
ছবি: সংগৃহীত
নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে গত ৪ জানুয়ারি আইসিসির কাছে টি–টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ২১ জানুয়ারি অনুষ্ঠিত বোর্ডসভা শেষে আইসিসি জানিয়ে দেয়, বাংলাদেশকে ভারতেই খেলতে হবে। নিজেদের অবস্থানে অনড় থাকায় শেষ পর্যন্ত বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল অংশ না নিলেও দেশটির প্রতিনিধিত্ব থাকছে ম্যাচ অফিসিয়াল পর্যায়ে। আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন দুই বাংলাদেশি—গাজী সোহেল ও শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।
শুক্রবার (৩০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করে আইসিসি। ঘোষিত তালিকায় এই দুই বাংলাদেশি আম্পায়ারের নাম অন্তর্ভুক্ত রয়েছে।
আম্পায়ারদের তালিকায় আরও আছেন রোল্যান্ড ব্ল্যাক, ক্রিস ব্রাউন, কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফানি, অ্যাড্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটলবরো, ওয়েন নাইটস, ডোনোভান কচ, জয়ারামন মাদানাগোপাল, নিতিন মেনন, স্যাম নোগাজস্কি, কে এন পদ্মনাভান, আল্লাহুদ্দিন পালেকার, আহসান রাজা, লেসলি রাইফার, পল রাইফেল, ল্যাংটন রুসেরে, রডনি টাকার, অ্যালেক্স ওয়ার্ফ, রাভীন্দ্র উইমালাসিরি ও আসিফ ইয়াকুব।
এদিকে পুরো বিশ্বকাপে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ছয়জন। তারা হলেন—ইংল্যান্ডের ডিন কস্কার, অস্ট্রেলিয়ার ডেভিড গিলবার্ট, শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে, জিম্বাবুয়ের অ্যান্ড্রু পাইক্রফট, ওয়েস্ট ইন্ডিজের রিচি রিচার্ডসন এবং ভারতের জাভাগাল শ্রীনাথ।