
চিপটি ১৮০ ডিগ্রি কোণে টানা ৪০ হাজারবার ভাঁজ করার পরীক্ষায় কোনো কর্মক্ষমতার অবনতি ছাড়াই উত্তীর্ণ হয়েছে
চীনের গবেষকেরা এমন একটি নমনীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ তৈরি করেছেন, যা ৪০ হাজারবার ভাঁজ করার পরও কার্যক্ষমতা অটুট রাখে। জার্নাল নেচার-এ বৃহস্পতিবার প্রকাশিত এক গবেষণায় এ তথ্য জানানো হয়েছে।
গবেষণায় বলা হয়, ‘ফ্লেক্সি’ নামের এই পাতলা ও নমনীয় চিপটি ১৮০ ডিগ্রি কোণে টানা ৪০ হাজারবার ভাঁজ করার পরীক্ষায় কোনো কর্মক্ষমতার অবনতি ছাড়াই উত্তীর্ণ হয়েছে। পাশাপাশি ছয় মাসের ধারাবাহিক ব্যবহারের পরীক্ষায়ও এটি স্থিতিশীল কর্মক্ষমতা দেখিয়েছে।
প্রচলিত শক্ত সিলিকনভিত্তিক চিপ মানবদেহ বা জটিল বাঁকানো পৃষ্ঠে ব্যবহারের জন্য উপযোগী নয়। অন্যদিকে, বিদ্যমান নমনীয় প্রসেসরগুলো সাধারণত বিদ্যুৎ খরচ ও কম্পিউটিং সক্ষমতার সীমাবদ্ধতায় ভোগে।
ফ্লেক্সি চিপে ‘কম্পিউট-ইন-মেমোরি’ স্থাপত্য ব্যবহার করা হয়েছে, যেখানে ডেটা সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ একই সঙ্গে সম্পন্ন হয়। এর ফলে শক্তি ব্যবহার কমে এবং দক্ষতা বাড়ে। মাত্র ১ কিলোবিট ক্ষমতা থাকা সত্ত্বেও, একটি একক নমনীয় চিপ হৃদ্যন্ত্রের অস্বাভাবিক ছন্দ শনাক্তে সর্বোচ্চ ৯৯ দশমিক ২ শতাংশ নির্ভুলতা অর্জন করেছে।
চিপটির পুরুত্ব প্রায় ২৫ মাইক্রোমিটার, যা একটি এ-ফোর কাগজের প্রায় এক-তৃতীয়াংশ। এর ক্ষুদ্রতম সংস্করণের আয়তন ৩১ দশমিক ১২ বর্গমিলিমিটার, এতে রয়েছে ১০ হাজার ৬২৮টি ট্রানজিস্টর এবং এটি অতি কম শক্তিতে, মাত্র ৫৫ দশমিক ৯৪ মাইক্রোওয়াট বিদ্যুৎ খরচে কাজ করতে পারে।
তথ্যসূত্র: সিএমজি