
হলিউড হারাল এক কিংবদন্তি প্রতিভাকে। বিশ্বখ্যাত সিনেমা ‘হোম অ্যালোন’-এ কেভিনের মায়ের চরিত্রে অভিনয় করে কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া কানাডিয়ান-মার্কিন অভিনেত্রী ক্যাথরিন ও’হারা আর নেই। গত শুক্রবার ৭১ বছর বয়সে লস অ্যাঞ্জেলেসে মৃত্যু হয় এই কালজয়ী শিল্পীর। তাঁর ম্যানেজমেন্ট এজেন্সি মৃত্যুর খবর নিশ্চিত করলেও এর কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানায়নি। তবে জানা গেছে, ভোরের দিকে নিজের ব্রেন্টউড এলাকার বাসভবন থেকে তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছিল।
১৯৫৪ সালে কানাডার টরন্টোতে জন্ম নেওয়া ক্যাথরিনের ক্যারিয়ার শুরু হয়েছিল কমেডি থিয়েটার গ্রুপ ‘সেকেন্ড সিটি’র মাধ্যমে। আশির দশকে চলচ্চিত্রে অভিষেকের পর টিম বার্টনের ‘বিটলজুস’ ছবিতে অভিনয় করে তিনি প্রথম নজর কাড়েন। তবে ১৯৯০ সালে মুক্তিপ্রাপ্ত ‘হোম অ্যালোন’ তাঁকে বিশ্বব্যাপী আকাশচুম্বী জনপ্রিয়তা এনে দেয়। নিজের অভিনয় জীবনের সার্থকতা নিয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, একটি ভালো কাজই মানুষের ভবিষ্যৎ পথ তৈরি করে দেয়। পরবর্তীতে নব্বইয়ের দশকের সেই জনপ্রিয়তার রেশ তিনি টেনে আনেন আধুনিক যুগেও।
নতুন প্রজন্মের কাছে ক্যাথরিন আইকন হয়ে ওঠেন জনপ্রিয় টিভি সিরিজ ‘শিটস ক্রিক’ এ মোইরা রোজ চরিত্রে অভিনয়ের মাধ্যমে। এই অনন্য চরিত্রের জন্য ২০২০ সালে তিনি সেরা প্রধান অভিনেত্রী হিসেবে এমি অ্যাওয়ার্ড জয় করেন। এছাড়া গোল্ডেন গ্লোব ও স্যাগ অ্যাওয়ার্ডের মতো সম্মানজনক পুরস্কারও ছিল তাঁর ঝুলিতে। ‘দ্য নাইটমেয়ার বিফোর ক্রিসমাস’ থেকে শুরু করে সাম্প্রতিক ‘দ্য স্টুডিও’ সিরিজ পর্যন্ত তাঁর দীর্ঘ পথচলা ছিল সাফল্যের মূর্ত প্রতীক।
ক্যাথরিনের প্রয়াণে শোকস্তব্ধ বিনোদন জগত। ‘হোম অ্যালোন’ এ তাঁর পর্দার সন্তান ম্যাকোলে কালকিন আবেগঘন এক বার্তায় লিখেছেন, “মা, ভেবেছিলাম আমাদের হাতে আরও সময় আছে। তোমাকে অনেক ভালোবাসি।”
দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে কমেডি ও ড্রামা-দুই ধারাতেই সমান পারদর্শিতা দেখানো এই অভিনেত্রীর প্রস্থান হলিউডের একটি উজ্জ্বল অধ্যায়ের সমাপ্তি ঘটাল। তাঁর হাস্যোজ্জ্বল উপস্থিতি আর শক্তিশালী অভিনয় চিরকাল দর্শকদের মনে অমলিন হয়ে থাকবে।
বাংলা টেলিগ্রাফ ভিজুয়াল