
ফাইল ছবি
কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৪ জন আহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের হাটবাইর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন— উপজেলা বিএনপির সহসভাপতি সোলায়মান চৌধুরী, তাঁর গাড়িচালক মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিজান খান, মিজানের মা আমেনা বেগম, বোন নাজমা ও নার্গিস, উপজেলা বিএনপির সদস্য মীর আহমেদ মীরু, আব্দুল হক খান, মনির চৌধুরী, ইয়াকুব আলী, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রশিবির দক্ষিণের সভাপতি রিফাতুল ইসলাম সানি, বিজয় করা গ্রামের রবিউল হোসেন রকি, নোয়াগ্রামের জাকারিয়া রাসেল ও পায়েরখোলা গ্রামের মিলন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে চৌদ্দগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের বক্তব্য শেষ হওয়ার পর নেতাকর্মীরা বাড়ি ফেরার পথে হাটবাইর গ্রামে পৌঁছালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশ শেষে ফেরার সময় জামায়াত নেতাকর্মীদের সঙ্গে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে অন্তত ১৪ জন আহত হন। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করে।
সংঘর্ষে আহত উপজেলা বিএনপির সহসভাপতি সোলায়মান চৌধুরী অভিযোগ করে বলেন, তিনি জগন্নাথদিঘী ইউনিয়নের বেতিয়ারা গ্রামে নির্বাচনী সভা করছিলেন। এ সময় খবর পান, হাটবাইর গ্রামে স্বেচ্ছাসেবক দল নেতা মিজান খানের বাড়িতে জামায়াতের ৫০-৬০ জন নেতাকর্মী হামলা চালিয়েছে। পরে সেখানে যাওয়ার পথে চৌধুরী বাজার এলাকায় তাঁর ওপর হামলা চালানো হয় এবং গাড়ি ভাঙচুর করা হয়।
অন্যদিকে আহত ছাত্রশিবির নেতা রিফাতুল ইসলাম সানি বলেন, জামায়াতের নির্বাচনী জনসভা শেষে ফেরার পথে বিএনপির নেতাকর্মীরা গুলি ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন অভিযোগ করে বলেন, বিএনপির কয়েকজন নেতার নেতৃত্বে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। এতে তাদের অন্তত পাঁচজন আহত হয়েছেন। তিনি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
চৌদ্দগ্রাম থানার ওসি আবু মাহমুদ কাওসার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।