
ফাইল ছবি
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, আসন্ন নির্বাচনে প্রশাসনের কেউ যদি নিরপেক্ষতা হারান, তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। তিনি বলেন, নির্বাচনের সঙ্গে যুক্ত সকলকে তাদের পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে।
শনিবার ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচনী প্রস্তুতি সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল ও ভিজিল্যান্স টিমের কর্মকর্তারা অংশ নেন।
মো. সানাউল্লাহ আরও বলেন, নির্বাচনে সবাইকে নিরপেক্ষ থাকতে হবে। নির্বাচন কমিশন এখনও পর্যন্ত কোনো পক্ষপাতমূলক নির্দেশনা দেয়নি এবং ভবিষ্যতেও এমন হবে না।
তিনি বলেন, “এবার ভোটের মাধ্যমে জিততে হবে; কোনো অতি–নম্বরের সুযোগ নেই। সবাইকে দৃঢ়তার সঙ্গে কাজ করতে হবে। ভয়ভীতি, ত্রাস বা বিব্রত পরিস্থিতি যেন কাজকে প্রভাবিত করতে না পারে।”
নির্বাচন কমিশনার আরও জোর দেন, এটি কেবল গণতন্ত্রের প্রত্যাবর্তন নয়, দেশের জাতীয় ভাবমূর্তি, আন্তর্জাতিক অবস্থান, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থান—সবকিছুর সঙ্গে জড়িত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্বচ্ছতা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে এবং ভোটকেন্দ্রগুলো যেন ভোটদাতাদের সুবিধাজনক হয়, সে বিষয়েও গুরুত্ব দিতে হবে।
সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, সহকারী রিটার্নিং অফিসার এবং বিভিন্ন থানার ওসি ও জেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তারা।