
ছব : সংগৃহীত
জনপ্রিয় ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। আজহারির সদ্য প্রকাশিত ‘এক নজরে কুরআন’ বইটি হাতে পাওয়ার পর নিজের ভালো লাগার কথা ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তিনি।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বইটির কয়েকটি ছবি পোস্ট করেন বর্ষা। ক্যাপশনে তিনি জানান, বইটি পড়ার জন্য তিনি অনেকদিন ধরেই মুখিয়ে ছিলেন। নিজের এবং পরিবারের জন্য মোট তিনটি বই অর্ডার করেছিলেন তিনি। আলহামদুলিল্লাহ জানিয়ে বর্ষা লেখেন, “আমার খুব ইচ্ছে হচ্ছিল ‘এক নজরে কুরআন’ বইটি পড়ার। ৩টি বই অর্ডার করেছিলাম, আজকে পেয়েছি। যার মধ্যে দুটি বই আমার বোনদের জন্য রেখেছি।”
পোস্টে নিজের বিনয় প্রকাশ করে বর্ষা আরও লেখেন, “জীবনে তেমন কিছুই জানি না, তবে আমার বিশ্বাস এই বইটি পড়লে কোরআনের অনেক বিষয় খুব সহজে বোঝা যাবে, ইনশাআল্লাহ।” তিনি মনে করেন, এই বইটি কেবল তথ্যবহুলই নয়, বরং সাধারণ মানুষের জন্য কোরআনের মূল বিষয়গুলো সংক্ষেপে ও সহজভাবে বোঝার দারুণ এক সুযোগ করে দিয়েছে।
কোরআনের শিক্ষা প্রসারে এমন উদ্যোগের জন্য ড. আজহারির প্রতি দোয়া ও শুভকামনা জানিয়ে বর্ষা লেখেন, “আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মঙ্গল করুন, আমিন।” নায়িকার এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভক্তদের ইতিবাচক মন্তব্যে ভাসতে থাকেন তিনি।
মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করা বর্ষার চলচ্চিত্রে অভিষেক ঘটে ২০১০ সালে ইফতেখার চৌধুরীর ‘খোঁজ দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে। এরপর ‘হৃদয় ভাঙা ঢেউ’, ‘মোস্ট ওয়েলকাম’-এর মতো বড় বাজেটের ছবিতে অভিনয় করে তিনি দর্শকপ্রিয়তা পান। অভিনয়ের পাশাপাশি তিনি প্রযোজনা প্রতিষ্ঠান ‘মুনসুন ফিল্মস’-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যক্তিগত জীবনে ২০১১ সালে তিনি অভিনেতা ও ব্যবসায়ী অনন্ত জলিলকে বিয়ে করেন এবং বর্তমানে তারা দুই পুত্র সন্তানের জনক-জননী।