
ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা আজ (শনিবার) বিকেলে রাজধানীর খিলগাঁও মডেল কলেজ মাঠে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। ফুটবল প্রতীকের এই প্রার্থী ছয় দফা প্রতিশ্রুতিতে গ্যাস–সংকট নিরসন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা, স্বাস্থ্য ও শিক্ষা খাতে সংস্কার, স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন এবং নাগরিক অভিযোগ নিষ্পত্তি নিশ্চিত করার কথা উল্লেখ করেছেন।
ইশতেহারে তিনি বলেন, নির্বাচিত হলে সংসদে এসব বিষয়ে আইন প্রণয়নে প্রস্তাব উত্থাপন করবেন এবং এলাকাবাসীর কাছে জবাবদিহির কাঠামো গড়ে তুলবেন। গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতির আইন প্রস্তাব আনার প্রতিশ্রুতি দেন। এছাড়া এলপিজি সিলিন্ডার ন্যায্যমূল্যে সরবরাহ নিশ্চিত, পাইপলাইন ব্যর্থতার দায় নিয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার জানান।
স্বাস্থ্য ক্ষেত্রে মুগদা হাসপাতাল ও পাড়ার ক্লিনিক আধুনিক সরঞ্জামে ‘মিনি হাসপাতাল’-এ রূপান্তর, স্থায়ী মশা নিধন স্কোয়াড, নারী স্বাস্থ্যসেবা ও গর্ভবতী মায়েদের জন্য সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
মাদক ও অপরাধ দমনে ‘মাদক নয়, আলো চাই’ স্লোগান তুলে, পর্যাপ্ত ল্যাম্পপোস্ট, সিসি ক্যামেরা ও নারীদের জন্য সংরক্ষিত আসনসহ নিরাপদ গণপরিবহন নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
শিক্ষা খাতে কোটা বাতিলের পাশাপাশি স্কুলে আধুনিক বিজ্ঞান ল্যাব, কোডিং ক্লাব, লাইব্রেরি, মানসিক স্বাস্থ্য ও এআই শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার কথাও উল্লেখ করেন।
অর্থনৈতিক ক্ষেত্রে তরুণ উদ্যোক্তাদের জন্য সহজ ঋণ ও স্টার্ট-আপ ফান্ড, কর্মজীবী মায়েদের জন্য কমিউনিটি ডে-কেয়ার সেন্টার, এবং স্থানীয় ব্যবসায়ীদের জন্য ই-কমার্স প্রশিক্ষণের পরিকল্পনা জানান তিনি।
তিনি বলেন, “আমি অতিথি পাখি নই, আপনাদেরই একজন। নির্বাচিত হলে এলাকায় এক মাসের মধ্যে একটি অফিস চালু করা হবে, যা সন্ধ্যা পর্যন্ত খোলা থাকবে।” এছাড়া নাগরিক অভিযোগের অগ্রগতি জানার জন্য ডিজিটাল ওপেন ড্যাশবোর্ড চালুর ঘোষণা দেন তাসনিম জারা।