দক্ষিণী মেগাস্টার চিরঞ্জীবীর পরিবারে এখন উৎসবের আমেজ। মেগাস্টার পুত্র ও ‘আরআরআর’ খ্যাত অভিনেতা রাম চরণ এবং তাঁর স্ত্রী উপাসনা কোনিডেলা দ্বিতীয়বারের মতো বাবা-মা হয়েছেন। এবার তাঁদের ঘর আলো করে এসেছে এক পুত্র ও এক কন্যাসন্তান।
জানুয়ারির শেষ দিনে পরিবারের এই নতুন অতিথিদের আগমনের খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছেন রাম চরণের বাবা ও প্রবীণ অভিনেতা চিরঞ্জীবী। তিনি ভক্তদের আশ্বস্ত করে জানান, মা ও দুই নবজাতক বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছেন।
রাম চরণ ও উপাসনা বিয়ের পর দীর্ঘ ১০ বছর কোনো সন্তান নেননি। অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মাত্র দেড় বছর আগে তাঁদের প্রথম সন্তান ক্লিন কারা কোনিডেলার জন্ম হয়। সেই রেশ কাটতে না কাটতেই এবার যমজ সন্তানের আগমনে কোনিডেলা পরিবারে আনন্দ এখন আকাশচুম্বী।
দ্বিতীয়বার বাবা-মা হওয়ার বিষয়টি নিয়ে তাঁরা আগে থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না দিলেও ভক্তদের মাঝে ইঙ্গিত ছিল আগে থেকেই। গত দীপাবলিতে উপাসনা এক পোস্টে লিখেছিলেন, ‘এ বছরের দীপাবলিতে আমাদের খুশি দ্বিগুণ।’ সেই বার্তার সূত্র ধরেই ভক্তরা যমজ সন্তানের আগমনের ইঙ্গিত পেয়েছিলেন, যা অবশেষে সত্যি হলো।
পারিবারিক সূত্রে জানা গেছে, স্ত্রী ও নবজাতকদের পাশে থাকার জন্য অভিনয় থেকে কিছুদিনের বিরতি নেবেন রাম চরণ। সন্তানদের সঙ্গে পর্যাপ্ত সময় কাটিয়ে তবেই তিনি আবার লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় ফিরবেন। প্রিয় তারকার এই খুশির সংবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন এই তারকা দম্পতি।