
আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ করা না করা নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। শেষ পর্যন্ত পাকিস্তানের তরফ থেকে টুর্নামেন্টে না খেলার সিদ্ধান্ত এলে বিকল্প পরিকল্পনাও প্রস্তুত রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি সংশ্লিষ্ট সূত্রগুলো দেশটির সংবাদমাধ্যম জিও টিভিকে এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, পাকিস্তান বিশ্বকাপে অংশ না নিলে লাহোরে চার দল নিয়ে একটি ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করা হবে। এতে পাকিস্তান জাতীয় দল ও পাকিস্তান শাহিনস অনূর্ধ্ব–১৮ দলকে ভাগ করে চারটি দল গঠন করা হবে।
এই পরিস্থিতির পেছনে রয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একটি সিদ্ধান্ত। নিরাপত্তাজনিত কারণে ভারতে ম্যাচ খেলতে নিজেদের অনাগ্রহের কথা জানিয়ে নিজেদের ম্যাচগুলো সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ করে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের প্রস্তাবে সাড়া দেয়নি আইসিসি। বাংলাদেশকে বাদ দিয়ে তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়।
বাংলাদেশের বাদ পড়ার ঘটনার পরই পাকিস্তানের টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়।
এদিকে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির আজ এই ইস্যুতে দ্বিতীয়বারের মতো দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। বৈঠকের পরই ২০ দল নিয়ে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে এই টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ৭ ফেব্রুয়ারি।