
ফাইল ছবি
দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আরও ১৮ জন নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করেছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করায় সংশ্লিষ্ট নেতাদের বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব স্তরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি সুলতান মাহমুদ মোল্লা, বিল্লাল হোসেন ও মো. আলম; সাংগঠনিক সম্পাদক হাসান আলী; সহসাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বিপ্লব; মো. মুসলিম আহমেদ এবং যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আকতার খন্দকার। একই সঙ্গে থানা বিএনপির সদস্য জাহিদ হাসান রোজেল ও নজরুল ইসলাম পান্না মোল্লা, কুতুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি আ. রাজ্জাক রাজা, কুমিল্লা উত্তর জেলার হোমনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জহিরুল ইসলাম জহুর এবং পাবনার ভাঙ্গুড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আনিছুর রহমান লিটনকেও বহিষ্কার করা হয়েছে।
অন্য এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আফজল হোসেন, সাবেক সদস্য ওসমান খান, অরুয়াইল ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য অ্যাডভোকেট মনোয়ার হোসেন রাসেল, সদর ইউনিয়ন বিএনপির সদস্য জাকির হোসেন ও মুলুক হোসেন এবং কালীকচ্ছ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুন অর রশিদকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে।