
ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি ৫৫ শতাংশের বেশি হবে বলে আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত নির্বাচন রিপোর্টিং বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৫৫ শতাংশ ভোট পড়েছিল। তার মতে, এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি সেই হারকেও ছাড়িয়ে যেতে পারে।
তিনি বলেন, কোনো নির্বাচনই পুরোপুরি ঝামেলামুক্ত হয় না। এবারের নির্বাচনেও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তবে সেগুলোর বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একটি বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে এবং ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
নির্বাচনকালীন সহিংসতা প্রতিরোধে সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে, সে বিষয়ে বিদেশি কূটনীতিকদের অবহিত করা হয়েছে বলেও জানান তৌহিদ হোসেন।
‘হ্যাঁ ভোট’ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শুরুতে এ বিষয়ে কিছুটা দ্বিধা থাকলেও জামায়াতে ইসলামী ও এনসিপি শুরু থেকেই হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। পরে বিএনপির চেয়ারম্যানও হ্যাঁ ভোটের পক্ষে মত দিয়েছেন। তিনি বলেন, ভোটাররা সাধারণত দলের অবস্থান অনুসরণ করেন। যেহেতু বড় দলগুলো এ বিষয়ে একমত, তাই হ্যাঁ ভোট সহজেই পাস হবে বলে তার ধারণা।
উপদেষ্টাদের কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, কয়েকজন উপদেষ্টা দ্রুত ভিসা নেওয়ার প্রয়োজনের কারণে সাময়িকভাবে সাধারণ পাসপোর্ট ব্যবহার করছেন এবং সে কারণে কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন। তবে তিনি নিজে এখনো কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করেননি বলে জানান।
অনুষ্ঠানে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার বক্তব্য দেন। ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিক্যাব টকে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু হেনা ইমরুল কায়েস।