
ফেব্রুয়ারি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ভোক্তা পর্যায়ের দাম বাড়বে নাকি কমবে- সে বিষয়ে আগামীকাল সোমবার (২ ফেব্রুয়ারি) সিদ্ধান্ত জানাবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
রবিবার (১ ফেব্রুয়ারি) বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানায়, সৌদি আরামকো ঘোষিত ফেব্রুয়ারি ২০২৬ মাসের সৌদি সিপি (কনট্রাক্ট প্রাইস) অনুযায়ী বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সংক্রান্ত আদেশ সোমবার ঘোষণা করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোমবার বিকেল ৩টায় রাজধানীর রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) ভবনের শহীদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দর জানানো হবে।
এ ছাড়া এলপিজির দর সংক্রান্ত আদেশ বিইআরসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এর আগে গত জানুয়ারিতে দেশে এলপিজির দাম বাড়ানো হয়। ৪ জানুয়ারি ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে এক হাজার ৩০৬ টাকা নির্ধারণ করে বিইআরসি। একই সঙ্গে অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৫৭ টাকা ৩২ পয়সা থেকে ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা করা হয়।