
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারাই এখন দেশে ধর্মীয় বিভাজন তৈরিতে ব্যস্ত।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা মানিকপাড়া এলাকায় স্থানীয় ইউনিয়ন বিএনপির নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন বলেন, মাঠে থাকা অন্য দলগুলোর এ দেশের মানুষের জন্য কোনো বাস্তব পরিকল্পনা নেই; তারা ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করতে চায়, যা দেশের মানুষ চায় না। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বিলুপ্ত গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।
তিনি আরও বলেন, ছাত্র-গণঅভ্যুত্থানে শহীদদের আকাঙ্ক্ষা ছিল একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়া। সেই লক্ষ্য বাস্তবায়নে ধানের শীষে ভোট চান তিনি।
পথসভায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।