
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করে যারা অশালীন পোস্ট দিয়েছে তাদের চিহ্নিত করা হয়েছে এবং সময়মতো জাতির সামনে তাদের পরিচয় প্রকাশ করা হবে।
রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-১৫ আসনে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত তরুণদের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে, যেখানে প্রবীণরা অভিজ্ঞতা ও সাহস দিয়ে পাশে থাকবেন। তিনি বলেন, কোনো অপরাধী ছাড় পাবে না এবং বৈষম্যহীন একটি রাষ্ট্র গড়াই দলের লক্ষ্য। নারীদের প্রতি কোনো ধরনের হয়রানি সহ্য করা হবে না বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি চাঁদাবাজির বিরুদ্ধে জামায়াতের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করেন।
রাজনৈতিক প্রতিপক্ষদের সমালোচনা করে জামায়াত আমির বলেন, কিছু দল নানা প্রতিশ্রুতি দিলেও তাদের হাতে দেশ নিরাপদ নয়। তিনি দাবি করেন, আসন্ন পরাজয় আঁচ করতে পেরেই একটি দলের আচরণে অস্থিরতা দেখা দিয়েছে।
এর আগে একই দিন দুপুরে জামালপুরের সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক জনসভায় ডা. শফিকুর রহমান বলেন, এবারের নির্বাচন গত পাঁচ দশকের বেশি সময় ধরে গড়ে ওঠা ‘ফ্যাসিবাদী রাজনীতির’ অবসান ঘটানোর সুযোগ।
উল্লেখ্য, শনিবার ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে একটি অবমাননাকর পোস্ট ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা তৈরি হয়। পরে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, অ্যাকাউন্টটি হ্যাক করে ওই পোস্টটি দেওয়া হয়েছিল।