
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো অ্যারেনায় আয়োজিত ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে নতুন ইতিহাস গড়েছেন মার্কিন র্যাপ তারকা কেনড্রিক লামার। সোমবার বাংলাদেশ সময় ভোরে শুরু হওয়া এই আসরে চারটি পুরস্কার জয়ের মধ্য দিয়ে তিনি র্যাপারদের মধ্যে সর্বাধিক গ্র্যামি জয়ের বিশ্বরেকর্ড নিজের করে নিলেন।
২৫টি গ্র্যামি জিতে এই তালিকার শীর্ষে ছিলেন কিংবদন্তি র্যাপার জে-জি; তাকে ছাড়িয়ে কেনড্রিকের মোট গ্র্যামি সংখ্যা এখন ২৬টি।
এবারের আসরে কেনড্রিকের জয়যাত্রা শুরু হয় প্রাক-টেলিভিশন সম্প্রচার (প্রিমিয়ার) পর্ব থেকেই। সেখানে তিনি একে একে সেরা র্যাপ পারফরম্যান্স, সেরা মেলোডিক র্যাপ পারফরম্যান্স ও সেরা র্যাপ সং এই তিনটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেন।
অনুষ্ঠানের মূল পর্ব শুরু হওয়ার পর ২০২৪ সালের বহুল আলোচিত অ্যালবাম ‘জিএনক্স’-এর জন্য তিনি বাগিয়ে নেন সেরা র্যাপ অ্যালবামের পুরস্কার। এই চতুর্থ জয়টিই তাকে ইতিহাসের পাতায় নাম লিখিয়ে দেয়।
দীর্ঘদিন ধরে র্যাপ জগতে গ্র্যামি জয়ের রেকর্ডটি নিজের কবজায় রেখেছিলেন জে-জি। তবে ২০২৬ সালের আসরে মাত্র চারটি জয়েই সেই গৌরবময় রেকর্ড ভেঙে দিলেন কেনড্রিক। এবারের আসরে ৯টি বড় ক্যাটাগরিতে মনোনয়ন পেয়ে সবার চেয়ে এগিয়ে ছিলেন তিনি। ক্যারিয়ারজুড়ে ৬৬টি মনোনয়ন পাওয়া এই শিল্পী সমসাময়িক র্যাপারদের মধ্যে এখন সবচেয়ে প্রভাবশালী ও সফল নাম।