
দীর্ঘ বিরতির পর আবারও চলচ্চিত্রের প্লেব্যাকে সরব হয়েছেন বরেণ্য সংগীতশিল্পী ফাহমিদা নবী। এস এম কাইয়ুম পরিচালিত ‘অন্তর্বর্তী’ সিনেমার মাধ্যমে ২০২৪ সালের মাঝামাঝিতে তাঁর প্রত্যাবর্তন ঘটেছিল। এবার সেই একই ছবির আরও একটি নতুন গানে কণ্ঠ দিলেন তিনি। তবে এবারের বিশেষ চমক হলো এই গানে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল।
সংগীত ক্যারিয়ারে এই প্রথম কোনো গানে একসঙ্গে কণ্ঠ দিলেন ফাহমিদা নবী ও ইমরান। ‘তোর ঋণ’ শিরোনামের এই মিষ্টি প্রেমের গানটি লিখেছেন সিনেমার নির্মাতা এস এম কাইয়ুম নিজেই। রাহুল কুমার দত্তের সুরে গানটির সংগীত আয়োজন করেছেন মুশফিক লিটু। গত শুক্রবার মুশফিক লিটুর স্টুডিওতে ফাহমিদা নবীর কণ্ঠ ধারণের কাজ সম্পন্ন হয়েছে। নির্মাতা জানিয়েছেন, চলতি সপ্তাহের মধ্যেই ইমরানের অংশের রেকর্ডিং শেষ হবে।
নতুন এই গানটি নিয়ে ফাহমিদা নবী তাঁর উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “এটি ছোট ছোট কথায় গাঁথা একটি মিষ্টি প্রেমের গান। কাজের পরিবেশ ও পুরো টিমের পেশাদারিত্ব আমাকে মুগ্ধ করেছে। ইমরানের সঙ্গে এই প্রথম গাওয়ার অভিজ্ঞতাও ভীষণ ভালো।” এর আগে এই সিনেমারই ‘থাক না দূরের হয়ে’ শিরোনামের আরেকটি গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি।
‘অন্তর্বর্তী’ এস এম কাইয়ুমের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এই ছবির অন্যতম বিশেষত্ব হলো, এটি প্রয়াত শক্তিমান অভিনেতা আহমেদ রুবেলের অভিনীত শেষ সিনেমা। ছবিতে আরও অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর ও নীলাঞ্জনা নীলা।
বর্তমানে ছবিটির পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। নির্মাতা এস এম কাইয়ুম জানান, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পাশাপাশি চলতি বছরই দেশের প্রেক্ষাগৃহে ‘অন্তর্বর্তী’ মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
বাংলা টেলিগ্রাফ ভিজুয়াল