
ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে অত্যন্ত স্পষ্ট ও জোরালো বার্তা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি জানিয়েছেন, নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সব সংস্থা সম্পূর্ণ প্রস্তুত।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গাজীপুর জেলা পরিদর্শন ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও থেকে এসব তথ্য জানা গেছে।
সেনাপ্রধান বলেন, “সুষ্ঠু নির্বাচন আয়োজনের পূর্ণ সক্ষমতা আমাদের আছে। নির্বাচন কমিশন, সরকার, প্রশাসন, পুলিশ এবং তিন বাহিনী—সবাই নির্বাচনের বিষয়ে আগ্রহী। এখানে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই।” তার এই বক্তব্যে এটি পরিষ্কার যে, রাষ্ট্রের সকল স্তরের নিরাপত্তা ও প্রশাসনিক বাহিনী একটি সফল নির্বাচন উপহার দিতে অঙ্গীকারবদ্ধ।
নির্বাচনী মাঠের সম্ভাব্য চ্যালেঞ্জগুলো নিয়েও তিনি খোলামেলা কথা বলেন। তিনি জানান, নির্বাচনকে প্রভাবিত করার জন্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অবৈধ আর্থিক লেনদেন হওয়ার ঝুঁকি রয়েছে। এ বিষয়ে ইতিমধ্যে নির্বাচন কমিশনের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা সম্পন্ন হয়েছে। এছাড়া কিছু অপরাধী ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের অপতৎপরতা রুখতে কঠোর নজরদারি বজায় থাকবে।
এদিন তিন বাহিনীর প্রধানগণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি তদারকি করতে গাজীপুর জেলা পরিদর্শন করেন। মতবিনিময় সভায় সেনাপ্রধানের সঙ্গে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন।